কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ঘণ্টার ব্যবধানে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এতে জেলায় হামের উপসর্গ নিয়ে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারজনে।
শুক্রবার (৩ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আট মাস বয়সী ইব্রাহিম নামে এক শিশুর মৃত্যু হয়। একইদিন দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পাঁচ মাস ২০ দিন বয়সী আইজা নামের আরও এক শিশুর মৃত্যু হয়।
ইব্রাহিম কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাসিন্দা চঞ্চল হোসেনের ছেলে। সে শুক্রবার বিকেলে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। অন্যদিকে আইজা কুষ্টিয়া শহরের রেনউইক এলাকার বাসিন্দা মমিনুর রহমানের মেয়ে। সে টানা চার দিন ধরে চিকিৎসাধীন ছিল।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা হোসেন ইমাম জানান, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে ইব্রাহিমকে হাসপাতালে ভর্তি করা হয়। সে হাম ও নিউমোনিয়ায় আক্রান্ত ছিল।
অন্যদিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. এ এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, গত ৩০ মার্চ আইজা হাম ও নিউমোনিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল।
এর আগে, একই দিন ভোরে আফরান নামে আট মাস বয়সী আরেক শিশু হামে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ২০ জন রোগী হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এখন পর্যন্ত মোট ৩২০ জন রোগীর শরীরে হাম শনাক্ত হয়েছে। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ২৩০ জন রোগী চিকিৎসাধীন রয়েছে।
এদিকে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে, কারণ বর্তমানে ভর্তি থাকা রোগীদের মধ্যে ৫ থেকে ৬ জন শিশুর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
-মোজাম্মেল হোসেন ফাহাদ
মন্তব্য করুন