দেশে হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আগামী ৩ মে থেকে সারাদেশে বিশেষ টিকাদান কার্যক্রম চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পর্যায়ক্রমে দেশের সব জেলা ও উপজেলায় এই কর্মসূচি বিস্তৃত করা হবে।
রোববার (৫ এপ্রিল) সকালে ঢাকার নবাবগঞ্জে টিকাদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এ তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।
তিনি বলেন, ৩ মে থেকে শুরু হয়ে ধাপে ধাপে দেশের প্রতিটি অঞ্চলে টিকা কার্যক্রম পরিচালিত হবে, যাতে কোনো শিশু ঝুঁকির মধ্যে না থাকে। এছাড়া আগামী ১২ মে থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, ময়মনসিংহ ও বরিশাল জেলায় পৃথকভাবে এই কর্মসূচি চালু করা হবে।
স্বাস্থ্যমন্ত্রী সতর্ক করে বলেন, দেশে হামের বর্তমান পরিস্থিতিকে অবহেলা করার সুযোগ নেই। তার মতে, সংক্রমণের মাত্রা এমন পর্যায়ে পৌঁছেছে, যা জনস্বাস্থ্যের জন্য বড় উদ্বেগ তৈরি করছে।
এদিকে, রবিবার থেকেই দেশের ১৮ জেলার ৩০টি উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।
প্রথম ধাপে যেসব উপজেলায় এই কর্মসূচি চলছে সেগুলো হলো—
রাজশাহীর গোদাগাড়ী, ঢাকার নবাবগঞ্জ, মুন্সিগঞ্জের লৌহজং, সদর ও শ্রীনগর, ঝালকাঠির নলছিটি, ময়মনসিংহের ত্রিশাল, সদর ও ফুলপুর, চাঁদপুরের হাইমচর ও সদর, বরিশালের মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ, পাবনার ঈশ্বরদী, সদর, আটঘরিয়া ও বেড়া, নওগাঁর পোরশা, গাজীপুর সদর, নেত্রকোণার আটপাড়া, শরীয়তপুরের জাজিরা, বরগুনা সদর, মাদারীপুর সদর, কক্সবাজারের মহেশখালী ও রামু, চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ, ভোলাহাট, নাটোর সদর এবং যশোর সদর।
মন্তব্য করুন