দেশে চলমান বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের উদ্যোগে সহায়তা করতে রাজধানীসহ সারাদেশের সব দোকান, শপিংমল ও বাণিজ্যিক প্রতিষ্ঠান রাত ৮টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। বৃহস্পতিবার (২ এপ্রিল) সংগঠনটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান টিপু জানান, এটি ব্যবসায়ীদের স্বেচ্ছাসেবী উদ্যোগ এবং এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। তিনি আশা প্রকাশ করেন, দেশের সব ব্যবসায়ী এই সিদ্ধান্ত মেনে চলবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আন্তর্জাতিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের প্রচেষ্টাকে সহায়তা করার লক্ষ্যে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
তবে এই সিদ্ধান্তের বাইরে থাকবে হোটেল, ফার্মেসি, কাঁচাবাজারসহ জরুরি সেবাসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো।
মন্তব্য করুন